1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

মনোহরগঞ্জে ঠিকাদার উধাও, তিন বছর ধরে বন্ধ রাস্তার কাজ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেন:-

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর উত্তরপাড়ায় একটি সরকারি সড়কের নির্মাণকাজ তিন বছর ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কয়েক হাজার মানুষ। ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বহীনতা ও খামখেয়ালিপনার প্রতিবাদে দ্রুত সড়কটির কাজ শেষ করার দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (২৬ জুন) বিনয়ঘর উত্তরপাড়ার ক্ষতিগ্রস্ত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘জয়নাল মেম্বার বাড়ির পুল থেকে মানিকমুড়া সড়ক পর্যন্ত’ সরকারি সড়কটি সংস্কারের জন্য তিন বছর আগে দরপত্রের মাধ্যমে ‘শরীয়তপুর ট্রেডার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। কিন্তু কাজের শুরুতেই সড়কের কিছু অংশে দুপাশে বক্স কাটিং করে হঠাৎ করেই কাজ বন্ধ রেখে ঠিকাদার উধাও হয়ে যায়। এরপর থেকে দীর্ঘ তিন বছর ধরে সড়কটির উন্নয়নকাজ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

ঠিকাদারের ফেলে রাখা বক্স কাটিংয়ের কারণে সড়কজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ২০২৪ সালের ভয়াবহ বন্যার পর সড়কটির অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। বর্তমানে সামান্য বৃষ্টিতেই সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে যায়। বর্ষা মৌসুমে দুর্ভোগ চরম আকার ধারণ করে।

বিনয়ঘর উত্তরপাড়া গ্রামে প্রায় চার হাজার মানুষের বসবাস। সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি মসজিদ ও মক্তবে যাতায়াতকারী শিশু এবং সাধারণ মানুষের চলাচলও কঠিন হয়ে পড়েছে। জরুরি রোগী কিংবা গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়াও প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন স্থানীয় আব্দুল মতিন মেম্বার, আব্দুল আলীম ভূঁইয়া, আব্দুল গোফরান ভূঁইয়া এবং স্থানীয় মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ২০২৪ সালের বন্যার পর থেকে এলাকাবাসীর দুর্ভোগের যেন শেষ নেই। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদা-পানিতে ডুবে যায়, ফলে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। তারা দ্রুত সড়কটি পুনরায় দরপত্রের (রি-টেন্ডার) আওতায় এনে নির্মাণকাজ শুরু করার দাবি জানান।

এ সময় বক্তারা স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান, যাতে এলাকাবাসী দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে পারেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট