1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

প্রার্থী মনোনয়নে ইসিতে বৈষম্যের অভিযোগ জামায়াতের

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নে বৈষম্যের অভিযোগ এনেছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দ্বৈত নাগরিকত্ব থাকার পরও বিএনপির প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলেও জামায়াতের অনেক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডা. তাহের বলেন, সব জায়গায় দলীয় জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ করা হয়েছে। আমরা ইসিকে বলেছি তাদের অপসারণ করতে হবে।

আগামী নির্বাচন পাতানো হলে দেশ অস্তিত্ব সঙ্কটে পড়বে মন্তব্য করে জামায়াতের নায়েবে আমির বলেন, ডিসি, এসপিদের আচরণ অবজার্ভ করে আমরা তালিকা দেবো। ইসিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথাও জানিয়েছি।

এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নাই দাবি করে তিনি বলেন, কাউকে অনেক প্রটোকল দেওয়া হচ্ছে, আবার কাউকে দেওয়া হচ্ছে না। এটি লেভেল প্লেয়িং ফিল্ডকে নষ্ট করে। সরকারের আচরণ সবার সঙ্গে সমান হওয়া উচিত।

তিনি জানান, একটি দলের পক্ষ থেকে কৃষি কার্ড ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, যা আচরণবিধির লঙ্ঘন। আমরা এ বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করেছি। পাশাপাশি ফেয়ার ইলেকশনের জন্য সিসি ক্যামেরা থাকা দরকার, তা বলেছি।

নির্বাচনে জামায়াত জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ১০টি আসন দেবে, এমন তথ্য ভুল বলে দাবি করেছেন ডা. তাহের।

সম্প্রতি জামায়াতের আমিরের সঙ্গে ভারতের এক কূটনীতিকের সঙ্গে সাক্ষাতের বিষয়টি ছিলো আলোচনার তুঙ্গে। এ বিষয়ে ডা. তাহের বলেন, বাইরের সংশ্লিষ্টতার চেষ্টা তো থাকেই। ভারতের সঙ্গে আমিরে জামায়াতের ফরমাল বৈঠক হয়নি। উনি যখন অসুস্থ ছিলেন তখন ভারতীয় দূতাবাস দেখা করতে আসতে চেয়েছিল। তারা ব্যাপারটি গোপন রাখতে বলেছিল। আমরা তাদের অনুরোধ রেখেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট