
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
বাংলাদেশ সাংবাদিক সমিতি, মনোহরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। ভ্রমণ দলটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রাপথে কুমিল্লার বিখ্যাত নূরজাহান হোটেলে এক সংক্ষিপ্ত বিরতিতে মিলিত হয়।
বিরতিকালে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আঞ্চলিক সাংবাদিকতার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ ও সৌজন্য সাক্ষাৎ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাদা এমরান, দৈনিক প্রথম আলো পত্রিকার কুমিল্লা ব্যুরো চিফ আবদুর রহমান এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী দেলোয়ারসহ স্থানীয় গুণীজনেরা।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মনোহরগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির এই আনন্দ ভ্রমণ উদ্যোগের প্রশংসা করেন এবং সাংবাদিকদের পারস্পরিক পেশাগত ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা নিয়ে আলোকপাত করেন। শুভেচ্ছা বিনিময় শেষে ভ্রমণ দলটি পুনরায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়।