
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আজ শুক্রবার (১২ জুন) সকালে রাজধানীতে এক বর্ণাঢ্য ও বিশাল সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ডিএনসিসি-র মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের বিশেষ উদ্যোগে এবং যুব সংগঠন ‘লাইফ সাইকেল বিডি’-র সার্বিক আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া এভিনিউতে বেলুন উড়িয়ে এই বিশাল র্যালির শুভ উদ্বোধন করা হয়। র্যালিটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, হাতিরঝিল ও মধুবাগ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মানিক মিয়া এভিনিউতে এসে শেষ হয়। এতে রাজধানী ও এর চারপাশের কয়েক হাজার সাইকেল আরোহী ও তরুণ সমাজ অংশ নেন।
র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন স্বেচ্ছায় রক্তদাতাদের ভূয়সী প্রশংসা করে বলেন, “এক ব্যাগ রক্ত একটি মানুষের জীবন বাঁচাতে পারে। মানবসেবার ক্ষেত্রে রক্তদাতারা যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন তা অতুলনীয়। রক্তদান শুধু সমাজসেবা নয়, এটি একটি মহান ইবাদতও।”
তিনি দেশের হাসপাতালগুলোতে আধুনিক পদ্ধতিতে রক্ত সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার ক্ষোভ প্রকাশ করেন এবং এই সমস্যা সমাধানে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি ‘ডিজিটাল ব্লাড ডোনার নেটওয়ার্ক’ গড়ে তোলার ঘোষণা দেন।
অনুষ্ঠানে সদ্য প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের কঠোর সমালোচনা করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, “জুলাইয়ের ঐতিহাসিক গণ-আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন এবারের বাজেটে নেই; এটি মূলত একটি পুরোনো ধারার শুভঙ্করের ফাঁকি।” তিনি অভিযোগ করেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে এবং ঋণখেলাপিদের জন্য বিশেষ সুবিধা উন্মুক্ত করা হয়েছে, যা তরুণ উদ্যোক্তাদের বিকাশে বড় বাধা হবে।
শিক্ষা বাজেটের শুভঙ্করের ফাঁকি উল্লেখ করে তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক ও প্রশাসনিক ব্যয় শিক্ষা খাতের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব ব্যয় বাদ দিলে প্রকৃত শিক্ষা বরাদ্দ দেশের জিডিপির ১.৫ শতাংশের নিচে নেমে আসবে। তিনি একটি সুস্থ, মাদকমুক্ত ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে এবং সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে তরুণদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
‘লাইফ সাইকেল বিডি’-র পরিচালক তৌহিদুল ইসলাম রিয়াজের সঞ্চালনা ও পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উপদেষ্টা হিসেবে আরও উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, হেমায়েত হোসেন এবং লাইফ সাইকেলের সহকারী পরিচালক আব্দুল মোতালেবসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
পরিবেশবান্ধব বাহন সাইকেলের মাধ্যমে রক্তদানের মতো একটি মানবিক ও সামাজিক সচেতনতা ছড়িয়ে দেওয়ার এই অভিনব উদ্যোগকে রাজধানীর সাধারণ মানুষ ও সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।