
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকারকে সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন)(সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ ক এর উপধারা (১) অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ জারি না দেওয়া পর্যন্ত মো. শওকত হোসেন সরকারকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো। একই প্রজ্ঞাপনে আরও কয়েকটি সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা উক্ত অধ্যাদেশের ধারা ২৫ক-এর উপ-ধারা (৩) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, মো. শওকত হোসেন সরকার এর আগে গাজীপুরের কাশিমপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। নতুন প্রশাসক নিয়োগের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কৃতজ্ঞতার পাশাপাশি ও শওকত হোসেন সরকারকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। নতুন প্রশাসক গাজীপুরে বিদ্যমান সমস্যা সমাধানের জন্য কাজ করবেন বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার সিটি করপোরেশনের কাশিমপুর এলাকার বাসিন্দা এবং কাশিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন সরকারের ছেলে। ২০০৩ সাল থেকে গাজীপুর সিটি করপোরেশন গঠনের আগ পর্যন্ত শওকত হোসেন সরকার কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
এ ব্যাপারে বাসন থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বশির আহমেদ বাচ্চু বলেন, শওকত হোসেন সরকার তিনবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এলাকায় কাজ করার তার দক্ষতা রয়েছে। তিনি দীর্ঘদিন কারা নির্যাতিত ছিলেন। এখন সফলভাবে মহানগর বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা গাজীপুরবাসী অনেক খুশি। আমাদের বিশ্বাস, গাজীপুরে বিদ্যমান নানা রকম সমস্যা সমাধানে শওকত হোসেন সরকার কাজ করতে পারবেন।
দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো. শওকত হোসেন সরকার বলেন, ‘নগরবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। সবার সহযোগিতা কামনা করছি।’
গাজীপুরকে সিটি করপোরেশন ঘোষণার পর প্রথম মেয়র নির্বাচিত হন বিএনপি নেতা সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান। এরপর সাবেক মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও তার মা জায়েদা খাতুন মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাই গণঅভ্যুত্থানের পর জায়েদা খাতুনকে বহিষ্কার করা হলে, প্রশাসক হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে নিয়োগ দেয় সরকার।