
ফরিদপুরে ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতা কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিধবা এক নারীকে ধর্ষণের অভিযোগে সুজন শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বিকালে রাজধানীর হাজারীবাগ কটেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন। সুজন শেখকে ফরিদপুরের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত বুধবার ওই নারী বাদী হয়ে ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, ফরিদপুরের পশ্চিম আলীপুর এলাকার মৃত হালিম শেখের ছেলে সুজন শেখ। ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে ২ এপ্রিল সকাল ৯টার দিকে সে ওই নারীকে ফরিদপুরের গোয়ালচামট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন। পরে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ওই নারী জানান, ১০ বছর আগে তার স্বামী মারা যান। এরপর থেকে অন্যের বাসাবাড়িতে কাজ করে জীবিকানির্বাহ করছেন। কোনোদিন খেয়ে না খেয়ে দিন কাটে তার। তবে কখনো কোনো সরকারি সহায়তা পাননি। সম্প্রতি তাকে ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার আশ্বাস দেন প্রতিবেশী সুজন শেখ। এরই ধারাবাহিকতায় কার্ড করতে ২ এপ্রিল সকাল ৯টায় সুজনের সঙ্গে একটি রিকশায় রওনা হন। তাকে একটি আবাসিক হোটেলে নিয়ে বলা হয় এখানেই অফিস। এরপর আবাসিক হোটেলের একটি রুমে তাকে ধর্ষণ করা হয়