1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
বিশিষ্ট সমাজসেবক সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের গভীর শোক প্রকাশ আলী নকীপুর স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মনোহরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

বিশিষ্ট সমাজসেবক সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের গভীর শোক প্রকাশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট সমাজসেবক, প্রবীণ কমিউনিটি নেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রয়্যাল এয়ার ফোর্সের (RAF) সাবেক কর্মকর্তা এবং ‘জালালাবাদ ওভারসিজ অর্গানাইজেশন ইন ইউকে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে।

রোববার (২২ নভেম্বর ২০২৬) সংগঠনটির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দের পক্ষ থেকে এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

শোকবার্তায় স্বাক্ষরকারী নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্যাট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই, প্যাট্রন সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, সাবেক চেয়ারপারসন বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম মাহবুব, সাবেক সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, সাবেক সদস্য সচিব ড. মুজিবুর রহমান, কেন্দ্রীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর, জেনারেল সেক্রেটারি এম আসরাফ মিয়া, ট্রেজারার মিসেস হেলেন ইসলাম, সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো-কনভেনর জামাল হোসেন ও সদস্য সচিব তাজুল ইসলামসহ কেন্দ্রীয়, ১০টি আঞ্চলিক এবং ৮টি শাখা কমিটির নেতৃবৃন্দ।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সুহাইল ইবনে আজিজ রানা ছিলেন একজন মানবিক, নিবেদিতপ্রাণ, সাহসী ও দূরদর্শী ব্যক্তিত্ব। প্রবাসী বাংলাদেশি সমাজের ঐক্য, উন্নয়ন ও কল্যাণে তাঁর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তাঁর মৃত্যুতে যুক্তরাজ্যসহ বাংলাদেশের সিলেট অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নেতৃবৃন্দ আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার পক্ষে তাঁর ভূমিকা, সাহসিকতা, দেশপ্রেম এবং কমিউনিটির জন্য আত্মত্যাগ তাঁকে মানুষের হৃদয়ে স্মরণীয় করে রাখবে। তাঁর চলে যাওয়া শুধু পরিবারের জন্য নয়, সিলেটবাসী তথা সমগ্র বাংলাদেশি কমিউনিটির জন্য এক অপূরণীয় ক্ষতি।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় প্রেসিডেন্ট ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ডওয়াইডের ফাউন্ডার্স চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর শোক প্রকাশ করে বলেন, “কিছু মানুষ চলে গেলেও তাঁদের স্মৃতি থেকে যায় হৃদয়ের গভীরে। সুহাইল ইবনে আজিজ রানার জীবন ছিল ভালোবাসা, সাহসিকতা, সংগ্রাম, আত্মপ্রতিষ্ঠা ও জনসেবার এক অনন্য দৃষ্টান্ত। তাঁর কর্ম, নেতৃত্ব এবং সমাজের প্রতি দায়বদ্ধতা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, সুহাইল ইবনে আজিজ রানা ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, সাহসী, দূরদর্শী ও দৃঢ়প্রতিজ্ঞ মানুষ। জীবনের নানা প্রতিকূলতা অতিক্রম করে যুক্তরাজ্যে নিজের অবস্থান তৈরি করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। তাঁর মৃত্যুতে সিলেট বিভাগের যে ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

জীবন ও কর্মময় পথচলা

উল্লেখ্য, সুহাইল ইবনে আজিজ রানা গত ১৮ নভেম্বর ২০২৬, বুধবার, লন্ডনে ৮৯ বছর বয়সে ইন্তেকাল করেন। গত ২১ নভেম্বর শনিবার নামাজে জানাজা শেষে তাঁকে বেকেনহ্যাম কবরস্থানে দাফন করা হয়।

১৯৩৭ সালের ৩ অক্টোবর সিলেটের বালাগঞ্জের ওসমানীনগর উপজেলার ওসমানপুর ইউনিয়নের তইগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পৈতৃক নিবাস সিলেট নগরীর শেখঘাট এলাকায়।

তরুণ বয়সে তিনি পাকিস্তান নৌবাহিনীতে যোগ দেন। প্রাথমিক প্রশিক্ষণ শেষে ইংল্যান্ডের ডার্টমাউথে অবস্থিত ঐতিহ্যবাহী ব্রিটানিয়া রয়্যাল নেভাল কলেজে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে ব্রিটিশ অ্যাডমিরালটির মাধ্যমে কমিশন লাভ করেন।

ডার্টমাউথে প্রশিক্ষণকালীন সময়ে আন্না নামের এক ব্রিটিশ তরুণীর সঙ্গে তাঁর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী সময়ে তাঁদের বিয়েকে কেন্দ্র করে তৎকালীন নৌবাহিনী ও পাকিস্তান সরকারের বিধিনিষেধের কারণে তাঁকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। একপর্যায়ে পাকিস্তান নৌবাহিনী থেকে তাঁকে বরখাস্ত করা হয়।

তবে এসব প্রতিকূলতা তাঁর অদম্য মনোবলকে দমাতে পারেনি। পূর্ব পাকিস্তানে ফিরে তিনি অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এবং চট্টগ্রামের ইউনিলিভার কারখানায় পার্সোনেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৬৬ সালে স্ত্রী ও সন্তানদের নিয়ে ইংল্যান্ডে ফিরে যান।

ইংল্যান্ডে তাঁর কর্মজীবন শুরু হয় লন্ডনের উপকণ্ঠের একটি রেলস্টেশনে টিকিট ক্লার্ক হিসেবে। কঠোর পরিশ্রম, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে ধীরে ধীরে নিজের অবস্থান সুদৃঢ় করেন। পরবর্তীতে রয়্যাল এয়ার ফোর্সে (RAF) সরাসরি স্থায়ী কমিশন লাভ করেন এবং সেখানে দায়িত্ব পালন করেন।

আরএএফ থেকে অবসর গ্রহণের পর তিনি ফোর্ড মোটর কোম্পানি, মার্স গ্রুপ এবং কমিশন ফর রেশিয়াল ইকুয়ালিটির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন।

মুক্তিযুদ্ধ ও প্রবাসী কমিউনিটিতে অবদান

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠন এবং মুক্তিযুদ্ধের পক্ষে সংগঠিত কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন যুক্তরাজ্যে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।

প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য, উন্নয়ন ও কল্যাণে তাঁর অবদান ছিল অসামান্য। ‘জালালাবাদ ওভারসিজ অর্গানাইজেশন ইন ইউকে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে সংগঠনটির ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রতিষ্ঠাকালীন অন্যতম উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

তাঁর লেখা আত্মজীবনী ‘Breakthrough: Memoir of a British-Trained Bangladeshi’ তাঁর ব্যতিক্রমী জীবনসংগ্রামের একটি গুরুত্বপূর্ণ দলিল। বইটিতে ভালোবাসা, বৈষম্য, প্রতিকূলতা, অধ্যবসায় ও সাফল্যের মধ্য দিয়ে তাঁর দীর্ঘ জীবনের নানা অধ্যায় উঠে এসেছে। তাঁর জীবনকাহিনি নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

ব্যক্তিগত জীবনে তাঁর সহধর্মিণী আন্না ২০১৪ সালে ইন্তেকাল করেন। তিনি দুই কন্যা লিসা ও রেবেকা, ছয়জন নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

শোকবার্তা প্রেরক:
শেখ নুরুল ইসলাম
প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট