এম, নুরুননবী চৌধুরী সেলিম, স্টাফ রিপোর্টার: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ২৪তম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন রিফাত জাহান। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তিনি নবনিযুক্ত পদটিতে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব হস্তান্তরকালে মনোহরগঞ্জের অতিরিক্ত দায়িত্বে থাকা লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন চাকমা নবাগত ইউএনও-কে ফুল দিয়ে বরণ করে নেন।
৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা রিফাত জাহান এর আগে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া।
দায়িত্ব গ্রহণ শেষে নবাগত ইউএনও রিফাত জাহান মনোহরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, গতিশীল প্রশাসনিক কার্যক্রম ও জনসেবা নিশ্চিত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। তিনি তাঁর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং সর্বস্তরের জনগণের সুচিন্তিত দিকনির্দেশনা ও সার্বিক সমর্থন প্রত্যাশা করেন।