মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা:
কুমিল্লার মনোহরগঞ্জের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কের ওপর বসছে কাঁচা বাজার ও গরু-ছাগলের হাট। সড়কের ওপর অবৈধভাবে এসব হাট-বাজার বসায় তৈরি হচ্ছে তীব্র যানজট, বাড়ছে জনদুর্ভোগ। সড়কের যত্রতত্র ময়লা-আবর্জনা পেড়ে থাকায় দূষিত হচ্ছে পরিবেশ। সড়কের ওপর বসা এসব হাট-বাজার অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সরজমিনে উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারে গিয়ে দেখা গেছে, বাজারের পশ্চিম-দক্ষিণ মাথায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনেই সড়কের ওপর বসছে গরু, ছাগল, হাঁস-মুরগির হাট। বাজারের ভেতরে সড়কের বিভিন্ন অংশে দুই পাশে বসে তরকারি ও অন্যান্য জিনিসপত্র বিক্রি করছেন ব্যবসায়ীরা। বাজারের ভেতরের সড়ক খুব বেশি প্রশস্ত না হওয়ায় যান চলাচলেও বিঘ্ন ঘটছে। তাছাড়া অধিকাংশ সময় বেপরোয়া অটোরিকশার দখলে থাকে বাজারের সড়কগুলো। বাজারের ভেতরের সড়কে পাশাপাশি দুটি অটোরিকশা পার হতেই কষ্ট হয়।
ব্যবসায়ীরা জানান, এখানে সপ্তাহে দুদিন (শুক্রবার ও সোমবার) ভ্রাম্যমাণ তরকারি, গরু-ছাগল ও ধানের হাট বসে। বাজারের দক্ষিণ পাশে রয়েছে মনোহরগঞ্জ দারুল উলুম কেরামতিয়া ফাজিল মাদ্রাসা ও মনোহরগঞ্জ কেন্দ্রীয় মসজিদ। বিশেষ করে সোমবার মাদ্রাসা ছুটির সময় ও নামাজ শেষে মসজিদের মুসল্লিরা বের হলে বাজারের সড়কগুলো জনাকীর্ণ হয়ে পড়ে। এ সময় বাজারমুখী মানুষের ভিড়, মাদ্রাসার শিক্ষার্থীসহ বাজারের সড়কগুলোতে হযবরল অবস্থা তৈরি হয়। অনেক সময় দীর্ঘ যানজটে নাকাল হতে হয় এ এলাকার মানুষকে। বাজারের পরিবেশ রক্ষায় সড়কের ওপর বসা ভ্রাম্যমাণ হাট অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানান সংশ্লিষ্টরা।
মনোহরগঞ্জ দারুল উলুম কেরামতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিন্নাত আলী বলেন, "সোমবার মাদ্রাসা ছুটি হলে যানজট থাকলে বাজার এলাকা পার হতে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে। মাদ্রাসার সীমানার মধ্যে বাজারের একটি শৌচাগার থাকায় হাটবার ছাড়াও এটি ব্যবহারের জন্য প্রতিনিয়ত এখানে লোকজনের ভিড় থাকে।"
এ বিষয়ে মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাসুদুল আলম বাচ্চু বলেন, "এ সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে। সড়কের ওপর পশুর হাট ও তরকারির হাটি বসায় জনদুর্ভোগের সৃষ্টি হয়। তাছাড়া বাজারের বিভিন্ন গলিতে অটোরিকশা বিশৃঙ্খলাভাবে দাঁড়িয়ে থাকে, এতে বাজার এলাকায় প্রায়ই যানজট লেগে থাকে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন রুহি জানান, "মনোহরগঞ্জ বাজার এলাকায় যানজট নিরসনের বিষয়টি উপজেলা সমন্বয় সভায় অগ্রাধিকার দিয়ে দেখা হচ্ছে। এখানে জনবল নিয়োগ এটি জেলা পুলিশ ও থানা পুলিশের দেখার বিষয়। অবৈধভাবে রাস্তার ওপর বসা ভ্রাম্যমাণ হাট সরিয়ে নেওয়ার বিষয়ে বাজারের আশেপাশে উপযুক্ত জায়গা পাওয়া গেলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।"
কুমিল্লার সহকারী পুলিশ সুপার সোমেন মজুমদার বলেন, "বাজারের সড়কগুলো প্রয়োজনের তুলনায় কিছুটা সংকীর্ণ। ভৌগোলিক কারণে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন, থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত মনোহরগঞ্জ বাজারের ওপর দিয়েই করতে হয়। প্রধান প্রধান কারণ শনাক্ত করে যানজট নিরসনে বাজার ব্যবসায়ী কমিটিসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"