
এম,নুরুননবী চৌধুরী সেলিম, নিজস্ব প্রতিবেদকঃ
বর্তমান শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে স্কাউটিং এর বিকল্প নেই। সন্ত্রাস, কিশোরগ্যাং এবং মাদকের ভয়াল থাবা থেকে ছাত্র ও যুব সমাজকে মুক্ত রাখতে এক মাত্র স্কাউটিং ই সঠিক পথ। একজন শিক্ষার্থী সমাজে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে তার সর্বপ্রথমেই প্রয়োজন আদর্শ মানুষের সংস্পর্শ আর তার দেখানো সঠিক ও সুন্দর দিক নির্দেশনা। বর্তমান বিশ্বে এ ধরনের মহতি কাজ এবং স্বেচ্ছায় সেবাদান করে স্কাউট সদস্যরা। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মানবতার মধ্যে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং এর বিকল্প নেই। এ উপজেলার স্কাউটিংকে গতিশীল করতে আমি সর্বাত্নক চেষ্টা ও সহযোগীতা করে যাবো।
৭৩৮ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স এর সমাপনী ও সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস এর সভাপতি জনাব গাজালা পারভীন রুহী।
বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের তত্বাবধানে এবং মনোহরগঞ্জ উপজেলা স্কাউটস্ এর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপি কোর্সের উদ্বোধন ঘোষনা করেন আঞ্চলিক স্কাউটস, কুমিল্লা’র সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর জেলা সভাপতি জনাব আবদুর রাজ্জাক সি.এ.এল.টি।
মনোহরগঞ্জ উপজেলা স্কাউটস এর কমিশনার জনাব বাবুল চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে আয়োজিত কোর্সে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা স্কাউটস এর সম্পাদক জনাব কুদরত উল্লাহ- এএলটি, জেলা স্কাউটস কোষাদক্ষ ও কোর্স লিডার জনাব আবু আসলাম মিয়া -এএলটি, বিপুলাসার আহম্মদ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক শরীরচর্চা শিক্ষক জনাব এ.এইচ.এম.সহিদ উল্লাহ চৌধুরী – এএলটি। উপজেলা স্কাউটস সাধারন সম্পাদক ও নাথেরপেটুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আঃ আউয়াল ও উপজেলা স্কাউটস লিডার নুরুননবী চৌধুরী সেলিম এর সঞ্চালনায় প্রশিক্ষণ শেষে আয়োজিত আলোচনা ও সনদ বিতরন অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আলমগীর হোসেন, লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ আউয়াল, ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ইলিয়াস পাটোয়ারী, লালচান্দপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব ফজলুল হক, উপজেলা স্কাউটস এর কোষাধ্যক্ষ ও মনোহরগঞ্জ সরকারী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জনাব ইসমাঈল হোসেন, উপজেলা কাব লিডার জনাব রোকেয়া খাতুন, বরল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহচান হাবীব।
উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধান সহ মোট ৬০ জন শিক্ষক এ কোর্সটিতে অংশগ্রহণ করে সনদ লাভ করেন।