টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীর ব্যাংকের মাঠ এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করে ৬৬ বোতল ফেনসিডিল ও ৪ লিটার চোলাই মদ উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (২৯শে জুন) বিকেল ৩টার দিকে টঙ্গীর পূর্ব থানাধীন ব্যাংকের মাঠ এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৬৬ বোতল ফেনসিডিল ও ৪ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্বব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।