বগুড়া শহরের বেলতলা মসজিদ এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আব্দুল আলীমকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে স্থানীয় জনতা অভিযুক্ত ইমামকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
অভিযুক্ত আব্দুল আলীমের বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলায়। তিনি বগুড়া শহরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান 'জামিয়া ইসলামিয়া আল আকাবা' মাদ্রাসায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ দুপুর আনুমানিক ১টার দিকে ভুক্তভোগী শিশুটি বেলতলা মসজিদের ইমাম আব্দুল আলীমের কাছে আরবি পড়তে যায়। সেখানে নির্জনতার সুযোগ নিয়ে ওই ইমাম শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে শিশুটির পরিবার ও স্থানীয়রা বিষয়টি টের পেলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
উত্তেজিত জনতা তাৎক্ষণিকভাবে অভিযুক্ত আব্দুল আলীমকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেয়।








