প্রিন্ট এর তারিখঃ জুন ১৭, ২০২৬, ৮:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২৬, ৪:৩১ এ.এম
পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলায় পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে আমির হামজা (২৩) নামে এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে বাড়ির উঠানে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত ছয়জন যুবক বাড়িতে প্রবেশ করে নিজেদের পুলিশ সদস্য পরিচয় দেয়। পরে তারা আমির হামজাকে ধাওয়া করলে তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে খালের পাড়ে পড়ে গেলে দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়।
ঘটনার পর এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিহতের পরিবার দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।