প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৫:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ১:০৬ পি.এম
কফি কাপ –রেজাউদ্দিন স্টালিন
আমাকে নাড়িয়ে দিলো
তা শুধু স্মৃতি নয় বরং এমন গল্প
যা ফুরায় না কোনোদিন -
আমি তাকে জিজ্ঞেস করলাম
এতো নি:সঙ্গ পড়ে আছো কেনো
কাপ নড়েচড়ে বসলো-আর শুরু করলো
অবরুদ্ধ সময়ের গল্প:
সেই নারী যে ভালোবাসতো
তোমাকে- সে তার ঠোঁটের তুলিতে
রংধনু একেঁ ছিলো কপালে
ধূসর আকাশ আর বিষন্ন সময়ে আমি ছিলাম তোমার সাথে-কথাগুলো বলতেই কাপের বুক থেকে মুক্তি পেলো এক পরিযায়ী পাখি-
কাপের পেছনে আকাঁ জলপ্রবাহ ছলকে উঠলো-
এই শূন্যতা থেকে মুক্তি চাই
এই স্মৃতির উদ্দেশ্যেহীন
জীবন থেকেও
মনে হলো এখানে আমি বেমানান
কাপের দেহে বন্দী স্মৃতির মুক্তিই আমাকে
বসিয়ে দিলো আয়নার দাঁড়ে
আমি এক স্মৃতি মুগ্ধ পর্যটক
কুয়াশা আর মরীচিকার মাঝখান বসে কথা বলছি অতীতের সাথে
কখনো ইশারা কখনো অস্ফুটে
কেউ যেনো বুঝতে
না পারে কান্না
আমি কি নির্বাসনের
পথ বেছে নেবো -আহ সেই জলকণ্যা যদি জানতো-
আমি তাকে ভেবে কাপের গলদেশে এখনো চুম্বন করি আর তাকিয়ে থাকি নিরবতার দিকে
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত