প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৭:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ১:০২ পি.এম
মসলিন নগরী –সাঈদা আজিজ চৌধুরী
এখানে হৃৎপিন্ড ছিল,ফুসফুসের বিশুদ্ধ বাতাস
শীতলক্ষ্যার স্বচ্ছ স্রোতে মসলিনের রেশম তন্তুজ।
এলোমেলো শতাব্দীর ঘরে শৌর্য বীর্যের খাম
অযোধ্যার গন্ধমাখা মসলিন নগরী পানাম।
নক্ষত্র ছিলো মহাজাগতিক ঘড়ির কাঁটায়
ঈসা খাঁ’র তুর্কী ঘোড়ার ক্ষুর টগবগিয়ে বাঙ্ময়।
লড়াকু বাংলার বীর,বিক্রমে উন্নত শির
শনশন বাতাসে চকচকে তরবারির ঝন ঝন
অজেয় সাহসে সৌকর্যে অবিচল অনুবর্তন
বারো ভূঁইয়াদের কব্জির দুর্ধর্ষ অনুরণ।
চরণে চরণে নৃত্য,পাখিদের বোল
উৎকলিত প্রত্যয়ে অনুপ্রাসের দোল।
কিংশুকে অশোকে অদৃশ্য অলোক
রাজপথে বিপনিতে লোকারণ্য মিউজিক।
সময়ের কাঁধে ভঙ্গুর ইটে বীরত্বের মৃত্যুঞ্জয় শৈলি
স্বর্ণময়ীর চুম্বনে পূর্ণিমা আঁকে চোখের মণি।
আলোছায়ার জীবনবোধ প্রাণহীন পিরামিড এখন
চূর্ণিত সূর্যে মসলিনের জীবাশ্ম খসে পড়া শিরস্ত্রাণ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত