প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ৯:১০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৪, ২:৫১ পি.এম
ভাবাবেগ –লায়লা আহমেদ সেলিনা
গভীর ভাবাবেগে কখনো ভালোবাসি বলবে না,
আমার জন্য নিশুতিরাত জাগরণ করবে না।
কে আমি তোমার বলো?
স্বার্থপর হৃদয় আবেগশূন্য বন্ধু!
কিন্তু শুনে রাখা ভালো
আমিও তোমাকে ভালোবাসি
তবে ভালোবাসা অতোটা প্রগাঢ় না...
ঠুনকো যখন তখন চুরমার।
আমি দাঁড়ানো সাহারার বুকে....
চাতকীর মতো আকাশ পানে
শীতলের অপেক্ষায়......
হৃদয় অলিন্দে মাটি পুড়ে বিবর্ণ তামাটে চৌচির।
আমার নিঃশ্বাসের অনলে পুড়ে হবে অঙ্গার!
ভুলবো না তোমায়....
হয়তো-বা কোনোদিনই ভুলতে পারবো না।
অকস্মাৎ যদিও কোনদিন..
তোমার সাথে আমার দেখা হয়...
দূরে সরে থেকো বন্ধু ছোঁবে না আমায়
তখন কিন্তু একটুও বলবো না
তোমায় ভালোবাসি না।
আর যদি পরপারে চলে যাই!
ভোরের মুঠো শিউলি ফুল দিতে পারলে না
শেষ বেলায় শিউলি ফুল হাতে দু’ফোটা অশ্রু....
সমাধি স্থলে ছিটিয়ে দেওয়া সমীচীন মনে করি না।
আমার একক কাব্য গ্রন্থ ( অলীক স্বপ্ন)
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত